ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আজকে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুরে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ দ্রুত হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে