ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “হিন্দুরা মন্দির বানাক, মুসলিমরা মসজিদ বানাক—এতে কারও আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। মসজিদের নাম বাবরি কেন?”
তিনি আরও দাবি করেন, মোগল–পাঠানরা ভারত দখলের সময় অত্যাচার, জোরপূর্বক ধর্মান্তর, মন্দির ভাঙা ও নারীদের ওপর নির্যাতন করেছে—তাই ‘বাবরি’ নামকরণ কোনও ভারতীয়ই সমর্থন করবেন না।
এদিকে, বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, সম্ভাব্য অশান্তি ঠেকাতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।