বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য শাহবাগ মোড় থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থান নেওয়ার পর আবারও শাহবাগ মোড়ে ফিরে এসেছে ইনকিলাব মঞ্চ।
শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ত্যাগ করার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে এসে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা স্লোগানে স্লোগানে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করছেন। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্তও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে রাতের বেলায় শাহবাগ মোড়ে অবস্থানকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সরাসরি সামনে এসে অবস্থান না নেওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।
একই সঙ্গে তিনি আরও বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, সরাসরি হত্যাকারী এবং হত্যার পর খুনিদের ভারতে পালাতে সহায়তাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।